প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
খালেদা জিয়ার সুচিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্স দেবে কাতার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জরুরি সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে কাতার কর্তৃপক্ষ বিএনপিকে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়।
গত ২৯ নভেম্বর খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে চিঠি পাঠান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত রোববার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এদিকে প্রতিদিনের মতো আজও এভারকেয়ার হাসপাতালের সামনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল এলাকায় উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়।
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল গতকাল বুধবার ঢাকায় পৌঁছেছেন। তাঁর সঙ্গে চিকিৎসায় যুক্ত হয়েছেন চীন থেকে আগত চার সদস্যের একটি দল। রাত ৯টার পর ঢাকায় অবতরণের পর তাঁরা সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।
দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল, লন্ডন ক্লিনিক এবং চীনা চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এর আগে, ১ ডিসেম্বর চীনা চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় আসে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Jashore Now